এহসান রিয়াজ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির দরজার সামনে মাদকসেবী ও অপরিচিতদের নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দেওয়ার প্রতিবাদ করায় সংঘবদ্ধ হামলায় নুরুল আমিন (৬০) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চার সন্তান।
সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), ফিরোজ (১৮) এবং মেয়ে আছমা আক্তার (২৭)। তাদের সবাইকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত বজলুর রহমান ভুলু জানান, চৌধুরীর চা দোকানের সামনে তাদের বাড়ির গেটসংলগ্ন একটি মাচায় এলাকার কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম নিয়মিতভাবে অপরিচিত লোকজন নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দিত এবং মাদক সেবন করত। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর আগের দিন চা দোকানের লেনদেন সংক্রান্ত বিষয়ে তার ভাইয়ের সঙ্গে দোকানদারের কথা কাটাকাটির জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার রাতে বাড়ির দরজায় আসার সময় অভিযুক্তরা হকিস্টিক ও লোহার রড নিয়ে বজলুর রহমানের ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে দৃষ্টিপ্রতিবন্ধী বাবা, ভাই ও বোনেরা এগিয়ে এলে তাদেরও মারধর করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
বজলুর রহমান আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সেলিমকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলএনডি/এনই






