বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

Liberty News Desk

আব্দুল মোমিন, বগুড়াঃ বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন—মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বগুড়া লাইভ’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শহরের জলেশ্বরীতলার লামাম্মার মোড়ে একটি জুস বারে জুস পান করে বাইরে বের হন এই দুই সাংবাদিক। বের হওয়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এ সময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে এলে তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা এবং এলোপাতাড়ি হামলা চালায়। দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে পালিয়ে যায় তারা। সাংবাদিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে। পরে আহত দুই সাংবাদিককে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

মাছরাঙা টিভির সাংবাদিক খোরশেদ আলম বলেন, “জুস খেয়ে বের হতেই কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, “তারা প্রথমে আমার নাম জানতে চায়। তখন খোরশেদ ভাই এগিয়ে গেলে প্রথমে তার ওপর হামলা চালায়। আমি বাধা দিতে গেলে আমাকেও এলোপাতাড়ি মারধর করে তারা।”

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, “সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক পুলিশ টিম কাজ করছে।”

এলএনডি/এনই

শেয়ার করুন