কমলনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

Liberty News Desk

এম এ এহসান রিয়াজ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন।

রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান। এ সময় বাজারে মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে জয়নাল আবেদিনকে ৫ হাজার, মো. জসিমকে ৩ হাজার, মো. বেলায়েত হোসেনকে ৩ হাজার, আমির হোসেনকে ১ হাজার, মো. ইবরাহিমকে ১ হাজার, মো. জহিরকে ২ হাজার এবং মাইন উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, “নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলএনডি/এনই

শেয়ার করুন